রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ডের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৯ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সায়দাবাদ বাসস্ট্যান্ডের ভেতর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ‘টি আর ট্রাভেলস’-এর একটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই বাসটি টার্মিনালের স্বাভাবিক গাড়ি চলাচল ও কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছিল।
এছাড়া টার্মিনালের ভেতরে যত্রতত্র গাড়ি পার্কিং করে নিয়মিত মেরামতের কাজ করার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এই দুই মামলায় মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ডিএসসিসি সূত্রে জানানো হয়েছে, নগরীর সড়ক, বাস টার্মিনাল ও জনপরিসর দখলমুক্ত রাখা এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।