বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুল মান্নান (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মান্নান জেলার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মান্নান। তিনি বগুড়া শহরের চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দি রুটে অটোরিকশা চালাতেন। রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ সহকর্মীরা তাকে চেলোপাড়া স্ট্যান্ডে দেখেন। এরপর তিনি আর বাড়ি না ফেরায় আজ সকাল থেকে পরিবারের সদস্য ও সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

সোমবার সকালে সারিয়াকান্দির কৈ-খালি বিল এলাকায় স্থানীয়রা একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি মান্নানের বলে শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানা পুলিশের ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের পর শ্বাসরোধে চালক মান্নানকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ নিহতের মুঠোফোনটিও তারা নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে৷