স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ, তাঁদের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মহিলা বিভাগের উদ্যোগে সোমবার (২০ জুলাই) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন গাজীপুর মহানগর তালীমুল কুরআন বিভাগের সেক্রেটারি মুহতারামা কাজী মাসুমা আমিন। কুরআনের সরল অর্থ উপস্থাপন করেন টঙ্গী পশ্চিম থানা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মুহতারামা জাকিয়া সুলতানা।

উদ্বোধনী বক্তব্যে গাজীপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা আমেনা বেগম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়, ইনসাফ, সততা ও নৈতিকতার ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে শিশু শিল্পী নুসাইবার কণ্ঠে জুলাইভিত্তিক সংগীত, গাজীপুর মহানগর শিল্পগোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক ও সাংগঠনিক সংগীত, আবৃত্তি, পুঁথি পাঠ এবং গীতি-আলেখ্য পরিবেশিত হয়। এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের আবেগাপ্লুত করে এবং জুলাই আন্দোলনের স্মৃতিকে নতুন করে উজ্জীবিত করে।

শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামরুন নাহার রুমি এবং প্রভাষক ফেরদৌসী।

বিষয়ভিত্তিক আলোচনায় গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা মারুফা শহীদ 'রক্তাক্ত জুলাইয়ের পটভূমি, আত্মত্যাগ ও প্রাপ্তি'শীর্ষক বক্তব্যে জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদদের অবদান এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অপরদিকে গাজীপুর মহানগরের সহকারী সেক্রেটারি মুহতারামা নাজমুন নাহার লাভলী 'জুলাই থেকে আমাদের শিক্ষা ও করণীয়' বিষয়ে বক্তব্য দিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে জুলাইয়ের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচনা সভার অন্যতম আবেগঘন পর্ব ছিল জুলাই শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ। তাঁদের হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত অতিথিরা গভীরভাবে আবেগাপ্লুত হন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের পরিচালিকা ও কেন্দ্রীয় শূরা সদস্যা মুহতারামা নাজমুন নাহার নাজমা বলেন, 'আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করিনি, কিন্তু ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের প্রজন্মের সামনে সংঘটিত হয়েছে। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের রক্তের ঋণ পরিশোধের একমাত্র পথ হলো ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।' তিনি নারী সমাজকে পরিবার, শিক্ষা ও সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যের পর টঙ্গী পশ্চিম থানা মহিলা বিভাগের উদ্যোগে জুলাইয়ের আত্মত্যাগ, গণজাগরণ ও জাতীয় চেতনাকে উপজীব্য করে একটি হৃদয়স্পর্শী গীতি-আলেখ্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

গাজীপুর মহানগরের সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীলা নাসরিন জাহান গুলশান এবং মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বশীলা নাসরিন তাসনিয়ার সুনিপুণ উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, জুলাইয়ের সকল শহীদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং একটি ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।