মোঃ কায়সার হামিদ (জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার) : চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর নরওয়ে। ব্রাজিলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়া নরওয়ে ইংল্যান্ডের জন্য সহজ প্রতিপক্ষ হবে নাÑ জানা ছিল । ৭ গোল করা নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হাল্যান্ড আর ৬ গোল করা ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের মধ্যে জম্পেশ লড়াই দেখার আশাতেও ছিলেন সবাই। কিন্তু ১২০ মিনিটের ঘাম ঝরানো লড়াইয়ে ইংল্যান্ডের ২-১ গোলের জয়ে পুরো আলো কেড়ে নিয়েছেন জুড বেলিংহ্যাম । জোড়া গোল করে তিনিই ইংলিশদের সেমিফাইনালে উঠিয়েছেন। নরওয়ের বিদায়ে থেমেছে হাল্যান্ডের তাণ্ডব। তবে বিশ্বকাপে হাল্যান্ড যা করেছে, তা আজীবন মনে রাখবে নরওয়েজিয়ানরা। এদিকে, ইংল্যান্ডের আশার আলো হয়ে দেখা দিয়েছেন বেলিংহ্যাম। আসরে কেইনের সমান ৬ গোল তার। প্রি-কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষেও জোড়া গোল হাঁকিয়েছেন। গ্যারি লিনেকার (১৯৮৬) আর হ্যারি কেইনের (২০১৮,২০২৬) পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে ৬ গোলের দেখা পেলেন বেলিংহ্যাম।
বেলিংহ্যামকে আমি বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে দেখি। ২০২৩-২৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেরা তরুণ নির্বাচিত হয়ে রিয়াল মাদ্রিদকে জেতান ট্রফি। একই মৌসুমে রিয়ালের হয়ে সবচেয়ে বেশী গোল ছিল তার। ২০২৪ ইউরোর নকআউট পর্বে স্লোভাকিয়ার বিপক্ষে গোল করেছিলেন বেলিংহ্যাম। সার্বিয়া আর স্লোভাকিয়ার বিপক্ষে ছিলেন ম্যাচের সেরা। চলতি বিশ্বকাপে মেক্সিকো আর নরওয়ের বিপক্ষেও ম্যাচের সেরা হয়েছেন। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ২০২৩-২৪ মৌসুমে লা লিগার বর্ষসেরা ছিলেন। রিয়াল মাদ্রিদ আর ইংল্যান্ড দলে ‘প্লে মেকার’ হিসেবে অপরিহার্য হয়ে উঠেছেন বেলিংহ্যাম। গোল করার সহজাত ক্ষমতসম্পন্ন এই আক্রমণাত্মক মিডফিল্ডারের বয়স মাত্র ২৩ বছর । ১৮ বছর পুরো হবার আগেই আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত বেলিংহ্যাম ইংল্যান্ডের জন্য লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন, নিশ্চিত।
সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি ইংল্যান্ড। এই ম্যাচে ইতিবাচক ফলাফল এলে ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম টুর্নামেন্টের ‘গোল্ডেন বল’ পুরস্কারের বিবেচবনায় চলে আসবেন, আমার ধারণা। যদিও টানা দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয় বিশ্বকাপ ‘গোল্ডেন-বল’ জয়ের সম্ভাবনায় এগিয়ে আছেন মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ৩-১ গোলে জিতেছে। চলতি বিশ্বকাপে কোন ম্যাচে প্রথম মেসি গোল পেলেন না। তাই সমান ৮টি করে গোল পাওয়া মেসি আর এমবাপ্পের লড়াই এখন সমানে-সমান। এমনকি , ৬টি করে গোল করা বেলিংহ্যাম আর হ্যারি কেইনকে ‘গোল্ডেন বুট’ লড়াই থেকে বাদ দেয়া যাবে না।
আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের ম্যাচে ফিরে আসি। আর্জেন্টিনার খেলায় মন ভরেনি। শুরুতে গোল করে ধরে রাখতে পারেনি। ১২০ মিনিটের লড়াই জিতেছে ৩-১ ব্যবধানে। মেসিকেও ক্লান্ত মনে হয়েছে। তবে সুখবর হচ্ছে , মেসির গোল না পাওয়ার দিনে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার , হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্তিনেজরা নিশানাভেদ করেছেন। মেসিকে ছাড়াও আর্জেন্টিনা ম্যাচ বের করতে পারে, প্রমাণ হয়েছে। সুইজারল্যান্ড দুর্দান্ত লড়াই করেছে । কিন্তু ৭২ মিনিটে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। আমার মনে হয় , এখানেই ম্যাচ হেরে গেছে তারা । অতিরিক্ত ৯০ মিনিটে ১জন বেশী খেলোয়াড়ের সুবিধায় ম্যাচ বের করে নিতে পেরেছে লিওনেল স্কালোনির দল ।
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর চূড়ান্ত পরিণতির সামনে এসে দাঁড়িয়েছে । সমিফাইনালের লাইন-আপ দুর্দান্ত । স্পেন বনাম ফ্রান্স । আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড । বিশ্বকাপের শুরুতে বিবেচনায় থাকা চার হট ফেভারিট দলই সেমিতে উঠে এসেছে। এখান থেকে যে কেউ বিশ্বকাপ জিততে পারে। কারণ লড়াই হবে সেয়ানে সেয়ানে। ক্ষণিকের ভুলে যে কেউ ম্যাচ হারতে পারে। ফিফা র্যাংকিংয়ের দিকে তাকান। বর্তমানে ফিফা র্যাংকিংয়ের এক থেকে চারে থাকা তিনটি দেশ হচ্ছে ফ্রান্স , আর্জেন্টিনা , স্পেন আর ইংল্যান্ড । সেই চারটি দলই সেমিফাইনালে একে অন্যের মুখোমুখি । ফিফা র্যাংকিং অনুসারে বিশ্বকাপে চার শীর্ষ দলের সেমিফাইনাল কখনও হয়েছে কিনা আমার জানা নেই। এটাই প্রমাণ করে, চলমান বিশ্বকাপে ফেভারিটদের পক্ষে ভাগ্য কথা বলেছে। যোগ্য দলগুলোই খেলছে সেমিফাইনালে।