ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। অন্যথায় আগামী ২৬ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ফয়জুল করিম একজন জাতীয় নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাহবার। রাজনৈতিক বক্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করাকে তিনি ‘ফ্যাসিবাদী আচরণ’ উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
তিনি দাবি করেন, আগামী ২৫ জুনের মধ্যে মামলাটি প্রত্যাহার করতে হবে। অন্যথায় ২৬ জুন (শুক্রবার) ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।
অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন, লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ এ হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
বৈঠক শেষে নেতারা ফয়জুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান।