বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন জোন ও থানার উদ্যোগে গতকাল মঙ্গলবার রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে যাত্রাবাড়ীতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার হাজার-হাজার লোকজন অংশগ্রহণ করেন। মিছিলটি যাত্রাবাড়ী টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক সড়ক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
মোহাম্মদ কামাল হোসেন এমপি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অতীতের মতো রাজপথে শক্ত ভূমিকা বজায় রাখবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে সেই সুযোগ আর দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুঁখে দিতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচারের মুখোমুখী হওয়া ব্যতিত আওয়ামী লীগের জন্য বিকল্প কোনো পথ খোলা নেই।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-৩২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়। মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার কয়েক হাজার লোকজন অংশগ্রহন করেন।
এদিকে, ফ্যাসিবাদী আমলের সকল গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
সমাবেশে ফ্যাসিবাদী ও মাফিয়াতন্ত্রীদের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় দলমত নির্বিশেষ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। তিনি গতকাল মঙ্গলবার রাজধানীতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ কতৃক সংঘটিত সকল গুম,খুন ও গণহত্যার বিচারের দাবিতে মিরপুর, পল্লবী ও কাফরুল জোন জামায়াত আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি মিরপুর ১০ নং গোলচত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজী পাড়ায় গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নাসির উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো: শহিদুল্লাহ ও শাহ আলম তুহিন প্রমূখ।
মাহফুজুর রহমান বলেন, ফ্যাসিবাদী আমলের প্রায় ১৬ বছরে আওয়ামীলীগ সারাদেশে গুম, খুন ও নৈরাজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিলো। কিন্তু জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বাকশালী ও মাফিয়াতন্ত্রীদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু বাকশাল পতনের ২ বছর অতিক্রান্ত হলেও এ ফ্যাসিস্ট দলের কোন নেতা কর্মীর বিচারই দৃশ্যমান হয়নি। বরং একের পর এক মামলায় জামিন ও চিহ্নিত গডফাদারদের ছেড়ে দিয়ে দেশকে আবারো হুমকীর মুখে ঠেলে দেয়া হচ্ছে। সরকারের দুর্বল ও তোষণনীতির কারণে আওয়ামী জোটের সাবেক মন্ত্রী সন্ত্রাসী হাসানুল হক ইনু আদালতে হুমকি দিয়ে কথা বলার সাহস পাচ্ছেন। কিন্তু সচেতন জনতা তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোন ভাবেই সফল হতে দেবে না। তিনি নতুন করে ফ্যাসিবাদের উত্থান মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।