জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে পল্টন কলেজে ঠান্ডা, জ্বর ও কাশি প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যেই মূলত এই প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে ঠান্ডা, জ্বর ও কাশি প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক জনাব শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, "তরুণ ও ছাত্রসমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। জুলাই গণ-অভ্যুত্থানে তাদের আত্মত্যাগ ও অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। তাদের সুস্বাস্থ্য রক্ষায় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্টন কলেজের প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সাধারণ মানুষের মাঝে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রম দেশজুড়ে অব্যাহত রাখা হবে।
উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আরিফুল হাসান মামুন, সাকিব চৌধুরী, মাসুম হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। টিকা গ্রহণ শেষে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।