চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবেলা এবং দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘দ্য ইয়ুথ রেজোন্যান্স’ (The Youth Resonance - TYR)।
গত ১৯, ২০ ও ২১ জুলাই জেলার বিভিন্ন প্লাবিত এলাকায় তিন দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি। তিন দিনব্যাপী এই মানবিক কার্যক্রমে প্রায় ৬০০-এর বেশি বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।
পুরো মেডিকেল ক্যাম্পের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন দ্য ইয়ুথ রেজোন্যান্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (Founder & CEO) যায়িদ রুসাফি। তাঁর দক্ষ নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় সদস্য এবং স্বেচ্ছাসেবক দল মাঠপর্যায়ে সফলভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করে। কার্যক্রমে বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম ও কাজী মোহাম্মদ ইরফান।

দ্য ইয়ুথ রেজোন্যান্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (Founder & CEO) যায়িদ রুসাফিসহ সদস্যবৃন্দ
তিন দিনের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয় চট্টগ্রামের দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। ১৯ জুলাই বাঁশখালীর কাহারঘোনা, ২০ জুলাই লোহাগাড়ার গরাঙ্গিয়া হাতিয়ারপুল বাজার এবং ২১ জুলাই লোহাগাড়ার পদুয়া এলাকায় দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একঝাঁক অভিজ্ঞ চিকিৎসক সরাসরি এ ক্যাম্পে সেবা প্রদান করেন। পাশাপাশি দ্য ইয়ুথ রেজোন্যান্সের তরুণ স্বেচ্ছাসেবকরা দিনভর রোগী ব্যবস্থাপনা ও ওষুধ বিতরণে নিরলস কাজ করেন।
এ মানবিক উদ্যোগ সফল করতে ‘সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন’ সার্বিক সাংগঠনিক সহযোগিতা প্রদান করেছে। এ ছাড়া, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘BioPharma Limited’। সহযোগী প্রতিষ্ঠানগুলোর এমন সামাজিক দায়বদ্ধতার জন্য দ্য ইয়ুথ রেজোন্যান্সের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দ্য ইয়ুথ রেজোন্যান্স পরিবার মনে করে, একটি সহমর্মী সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসা জরুরি। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল তরুণ-তরুণীকে স্বেচ্ছাসেবার মনোভাব নিয়ে যেকোনো মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।