বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে 'শিক্ষা মেধাবৃত্তি প্রদান-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে বিভিন্ন বিভাগের ৬০ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা মেধাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, তারাই আজ মেধার স্বীকৃতি অর্জন করেছে। এই সম্মাননা কেবল পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা।

তিনি বলেন, বর্তমান সময়ে উচ্চশিক্ষাকে দক্ষতা, প্রযুক্তি, সফট স্কিল ও আউটকাম-বেসড শিক্ষার সঙ্গে সংযুক্ত করতে হবে। কেবল সনদনির্ভর শিক্ষা নয়, কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করতে পারলেই দেশের তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।

তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাকরির পেছনে ছুটে বেড়ানোর পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আজীবন শেখার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষাংশে উপাচার্য বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেশের সাধারণ মানুষের করের অর্থে সৃষ্টি হয়েছে। তাই শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ।

এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের রেদওয়ান আসাদ, আইন অনুষদের জেরিন তাসনিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ঈশিতা আফরিন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ ও গবেষণামুখী শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সোনিয়া খান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন।