আজ জামিন আবেদনের শুনানি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৪ জুন অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ১১ জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি সংবাদ ও পোস্ট করা হয়। এ ঘটনায় বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন বাদী হয়ে গত ১৫ জুন বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিলে বগুড়া সদর থানা মামলা রেকর্ড করে। মামলায় অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি শামস এবং ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামসহ কয়েকজনকে আসামী করা হয়।

মামলার আবেদনে বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও তানভীর আলমকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারা এবং দন্ডবধির ৫০০, ৫০১, ৫০৬ সহ সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে। বগুড়া আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) সুশান্ত কুমার সরকার জানান, শুক্রবার ডিবি পুলিশ গ্রেপ্তার রেজানুর ইসলামকে আদালতে হাজির করে। এ সময় তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রোববার জামিন আবেদন শুনানির তারিখ ধার্য করেন। পরে পুলিশি হেফাজতে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।