কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মডেল থানাধীন নিশান মোড় এলাকার হাউজিং ডি ব্লকের ঈশানী টাওয়ারের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অননুমোদিতভাবে একত্রিত হয়। সেখানে তারা সরকার বিরোধী স্লোগান ও মিছিলের মাধ্যমে উগ্রবাদী কর্মকান্ড পরিচালনার চেষ্টা করে।

পুলিশ জানায়, আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে সমবেত হয়। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশনা অমান্য করে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।